বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পাতা হেরোইনসহ মোঃ সাখাওয়াত হোসেন ওরফে মোহন (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকার নিজাম উদ্দিন রোডের একটি ৭ তলা ভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দাস। গ্রেপ্তারকৃত সাখাওয়াত হোসেন ওরফে মোহন ফতুল্লার ভূইঘর সরদার বাড়ি এলাকার মোঃ বদিউল আলম ও শাহানারা বেগমের ছেলে। ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেনকে ১০ পাতা হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আসামি সাখাওয়াত হোসেনের পূর্বের রেকর্ড (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

