বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড় থেকে ভূয়া র্যাবের পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র্যাবের ব্যবহৃত পোশাকসদৃশ কটি, হ্যান্ডকাপ, ওয়্যারলেসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৯ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক দুজন হলেন আক্তারুজ্জামান (৪৬) ও মো. আমিরুল ইসলাম রাসেল (৩২)।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে একটি ছাই রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাপ এবং র্যাবের ব্যবহৃত কালো কটির মতো চারটি পোশাক জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাস ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় র্যাবের পরিচয় দিয়ে প্রতারণা করতেন।
পুলিশের দাবি, আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি বাহিনীর, বিশেষ করে র্যাবের পোশাক ও সরঞ্জাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, এ ঘটনায় প্রতারণা চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

