বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভূঁইগড় এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (১০ মে) সকাল ৬টা ৫৫ মিনিটে সদর উপজেলার ভূঁইগড় গিরিধারা এলাকায় অবস্থিত মো. শাহজাহান মিয়ার ৮ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশের লোকজন ছুটে এবং দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষের থাকা রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে যায়।
তিনি আরও বলেন, সকালে ওই ভাড়াটিয়া সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করছি। ওই কক্ষ থেকে আমরা একটি গ্যাস লাইটার পেয়েছি।
এ ব্যাপারে জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা.শাওন বিন রহমান জানান, অগ্নিদগ্ধ ৫ জনের অবস্থায় আশংকা জনক। আহতদের মধ্যে মো. কালাম ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মা ৬০ শতাংশ, ছেলে মুন্না ৩০ শতাংশ, মেয়ে মুন্নি ৩৫ শতাংশ ও কথা ৫২ শতাংশ দগ্ধ হয়।
