বিজয় বার্তা ২৪ ডট কম
ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় মারাত্মক আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ইউনিটে রাখা হয়েছে।
রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলার আঘাত ঠেকানোর সময় খাদিজার হাতের ‘মাসল চেইন’ কেটে গেছে। এজন্য অস্ত্রোপচার করতে হচ্ছে। তার অস্ত্রোপচার সফল হয়েছে।
খাদিজার অপর হাতের অস্ত্রোপচার পরবর্তীতে করা হবে বলেও জানান ডা. নাজিম উদ্দিন।
খাদিজাকে ফের আইসিইউতে নেয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক বিভাগের পরামর্শক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত খাদিজার ডান হাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারে অনেকগুলো প্রসেস ছিল। সেগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই অস্ত্রোপচারের ফলে দ্রুত তার ডান হাতের অবস্থা পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে এলোপাতাড়ি খাদিজাকে কোপায়। উপর্যুপরি কোপে খাদিজার মাথার খুলি ভেদ করে তার মস্তিষ্কও ক্ষতিগ্রস্ত হয়।
