বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা: মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার বর্তমান সরকারের চলমান হিংসাশ্রয়ী রাজনীতির আরো একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে এক বিবৃতিতে মির্জা আলমগীর বলেন, বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কুটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে। বর্তমান শাসকগোষ্ঠী জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ণ অব্যাহত রেখেছে।
মির্জা আলমগীর বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারী হিড়িকে দেশবাসী এখন সর্বদা আতঙ্কগ্রস্ত।
মির্জা আলমগীর ডা: মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।
উল্লেখ্য, রবিবার রাত পৌনে ৯টায় ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৩৯/এ নম্বর বাসার এ-৩ নম্বর থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা মাজহারুল ইসলাম দোলনকে গ্রেপ্তার করে পুলিশ।
