বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির প্রতিষ্ঠাতা এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিচার বিএনপি নিজেই চাই না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ঢাকা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি জানে যদি জিয়া হত্যা মামলার বিচার হত তাহলে জিয়া কি প্রকৃতির লোক ছিল তা বের হয়ে যেত এবং জিয়া যে বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত সেটা বের হয়ে যেত। এ কারণে এখন পর্যন্ত বিএনপি জিয়া হত্যার বিচার চায় না।’
বঙ্গবন্ধু হত্যা মামলায় যুক্তরাষ্ট্রে পলাতক এক আসামিকে দেশে ফিরিয়ে আনতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘পৃথিবীর ইতিহাসে বহু রাষ্ট্রনায়ককে হত্যা করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকা-ে যে নির্মমতা প্রকাশ করা হয়েছে সেই নজীর পৃথিবীর আর কোথাও নেই।’
কামরুল ইসলাম বলেন, ‘৭১ সালের প্রতিশোধ নিতেই ৭৫ সালের ১৫ আগস্ট এই হত্যাকা- ঘটানো হয়। এর সাথে ডালিম, জিয়া, ফারুক জড়িত। মৃত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট হয় না। যদি হতো বঙ্গবন্ধু হত্যা মামলায় জিয়াউর রহমানকেও আসামি করা হত।
কামরুল ইসলাম বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বলেছেন জোর করে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেয়া হচ্ছে।’ ফখরুলের এই বক্তব্যের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমানের বীর বিক্রম প্রতীকও কেড়ে নেওয়া উচিত।’
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আয়ুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাতেন মজুমদার, সানজিদা খানম এমপি, ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, সিএমএম হাফিজুর রহমান, সিজেএম জেসমিন আরা, ঢাকা বারের সভাপতি সাইদুর রহমান মানিক, নজীবুল্লাহ হিরু, আব্দুল্লাহ আবু।
