বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট শীলমান্দি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ পৌরসভার অধিভুক্ত ৩নং ওয়ার্ডের প্রায় ৯৮ বিঘা জমি মোগরাপাড়া ইউনিয়নে সংযুক্তির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন সোনারগাঁ পৌরবাসী। শনিবার বিকেলে সোনারগাঁ পৌর মেয়র সাদেকুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নারী পুরুষ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এ সমাবেশে অংশ গ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে পৌর মেয়র সাদেকুর রহমান বলেন, আমাদের আজকের এ প্রতিবাদ সরকারের বিরুদ্ধে নয়, সরকারের উন্নয়নের অংশিদার হিসেবে আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছি। অন্যায় ভাবে পৌরসভার পার্শ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ আমাদের অধিভুক্ত প্রায় ৯৮ বিঘা জমি কেটে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের অধীনে নিয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূইঁয়া, পৌর জাতীয় পার্টির সভাপতি হাজী পিয়ার আলী, প্যানেল মেয়র আলী আকবর, মহিলা কাউন্সিলর জাহেদা আকতার মনি, কামরুন নাহার রিতা, পারভিন আক্তার, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মধু, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর নাঈম আহমেদ রিপন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহজালাল, সাবেক কাউন্সিলর রুকসানা আক্তার, মো. জসিম উদ্দিন, মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁ যুব সংঘের সাধারণ সম্পাদক মোতালেব মিয়া স্বপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ প্রমূখ।
