শরিফুল ইসলাম,বিজয় বার্তা ২৪ ডট কম
দীর্ঘ আড়াই বছর যাবত বিচার কার্যক্রম চলার পর অবশেষে বহু আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার রায় ঘোষণা হলো। ৭ খুনের ঘটনায় দায়েরকৃত দু’টি মামলায় অভিযুক্ত ৩৫ আসামীর মধ্যে ২৬ জনকে ফাঁসির আদেশদেন আদালত। বাকি ৯ আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০ টায় মোট ২৩ আসামীর উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রায় ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলো, ৭ খুনের প্রধান আসামী নূর হোসেন, চাকরিচ্যুত র্যাব-১১-এর তৎকালীন অধিনায়ক লে. কর্নেল তারেক মোহাম্মদ সাঈদ, মেজর আরিফ হোসেন, লে.কমান্ডার এম,এম রানা, ল্যান্সনায়েক বিল্লাল হোসেন, সাবেক এস আই পুর্ণেন্দু বালা, হাবিলদার মো. ইমদাদুল হক, ল্যান্স নায়েক হীরা মিয়া, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মো. সিহাব উদ্দিন, রেডিও অপারেটর গেইন (আরওজি) মো. আরিফ হোসেন, বাবুল হাছান, সিপাহী সাবেক সেনা সদস্য আসাদুজ্জামান এবং নূর হোসেনের প্রধান বডিগার্ড মর্তুজা জামান চার্চিল, প্রধান ক্যাশিয়ার আলী মোহাম্মদ, রহম আলী ও মিজানুর রহমান, সেলিম, সানাউল্লাহ, শাহজাহান ও জামাল উদ্দিন, সৈনিক আবদুল আলী, সৈনিক মহিউদ্দিন মুন্সী, সৈনিক আলামিন শরীফ, সৈনিক তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির।
৯ আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্তরা হলেন, কনস্টেবল হাবিবুর রহমান হাবিব (১৭ বছর), মো: মোখলেছুর রহমান (১০ বছর), ল্যান্স কর্পোরাল রুহুল আমিন (১০ বছর),সিপাহী নুরুজ্জামান (১০ বছর), এ এস আই আবুল কালাম আজাদ (১০ বছর), নূর হোসেনের ক্যাশিয়ার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবুল বাশার (১০ বছর), এএস আই কামাল হোসেন (১০ বছর), এএস আই বজলুর রহমান (৭ বছর) ও হাবিলদার ও গাড়িচালক নাসিরউদ্দিন (৭ বছর)।

