বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তার মুক্তির পথ ফের আটকে গেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা মামলায় রোববার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
এর আগে গত ৯ নভেম্বর হাইকোর্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচ মামলায় জামিন পেয়েছিলেন আইভী। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, সব মামলায় আইভীর জামিন হলেও নতুন করে দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর কারণে মুক্তি স্থগিত হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মেয়র আইভীকে। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

