বিজয় বার্তা ২৪ ডট কম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নির্বাচন করার জন্য জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এই আসনের বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকা।
রবিবার (১১ নভেম্বর) বেলা ১টায় রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তন থেকে জাতীয় পার্টির এ মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
এর আগে বেলা ১২টায় রাজধানীর গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে নিজের মনোনয়নপত্র গ্রহণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার তাদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।
জাপা সূত্রে জানা যায়, ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন ফরম বিতরণ চলবে। ১৫ নভেম্বরের মধ্যে আবেদন ফরম পূরণ করে জাতীয় পার্টির চেয়ারম্যানের দপ্তরে জমা দিতে হবে।
প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে লাঙল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন লিয়াকত হোসেন খোকা।
