বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে আসছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আগামী ৩১ জুলাই সোমবার বন্দর ইউনিয়নের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত নাসিম ওসমান মডেল হাইস্কুলের উদ্বোধন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে তার আগমন ঘটতে যাচ্ছে।
শুক্রবার ২৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহেরকে সাথে নিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদ এর ঢাকার বাসভবনে উপস্থিত হয়ে তার হাতে আনুষ্ঠিক ভাবে দাওয়াত পত্র তুলে দিয়েছেন।
আগামী ৩১ জুলাই নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষ্যে তার স্মৃতি স্বরূপ তার ছোট ভাই এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত নাসিম ওসমান মডেল হাইস্কুলটি উদ্বোধনের দিন ধার্য্য করা হয়েছে।
উক্ত স্কুলটি ছাড়াও সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে তার নির্বাচনী এলাকার আওতাধীন ৭টি ইউনিয়নে এলাকায় পুরান সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শেখ রাসেল উচ্চ বিদ্যালয়, শেখ জামাল উচ্চ বিদ্যালয়, শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়, নাসিম ওসমান মডেল হাইস্কুল ও আলহাজ্ব খোরশেদুনেচ্ছা উচ্চ বিদ্যালয় নামে ৭টি স্কুল নির্মাণ করেছেন। যা অচীরেই পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে।
