বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত রপ্তানিমুখী বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল কারখানার শ্রমিকেরা পুনর্বহাল ও মার্তৃকালীন ছুটির টাকা প্রদানসহ ১২ দফা দাবীতে অনশন কর্মসূচী পালন করছে শ্রমিকরা।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচীতে বক্তারা অভিযোগ করেন, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেডে অবস্থিত বেকা গার্মেন্টস এন্ড টেক্সটাইল লিমিটেড এর কারখানায় ১২শ শ্রমিক কাজ করলেও মালিকপক্ষ তাদের কোন ধরনের সমস্যা দেখছে না।
বেতন-ভাতাসহ নারী শ্রমিকদের মার্তৃকালীন ছুটিও প্রদান করছে না। এসব ব্যাপারে প্রতিবাদ করায় বেপজার ডেপুটি ম্যানেজার নাসরিনসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল ও মনিরকে দিয়ে মালিকপক্ষ শ্রমিকদের নির্যাতন করেছে। এর জের ধরে গত ১২ সেপ্টেম্বর সম্পূর্ণ বেআইনিভাবে ৩৮ জন শ্রমিককে জোরপূর্বক ছাঁটাই করা হয়। প্রতিবাদ জানালে আরো ৬০ জনকে ছাঁটাই করে মালিকপক্ষ।
এ পর্যন্ত ৯৮ জন শ্রমিককে বিনা কারণে ছাঁটাই করা হয়েছে এবং ভবিষ্যতে আরো শ্রমিককে ছাঁটাই করার হুমকি দিচ্ছে মালিকপক্ষ। শ্রমিকরা তাদের ন্যায্য দাবী পূরন করা সহ সরকারের কাছে নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবী জানান।
শ্রমিকদের দাবীর প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচীতে যোগ দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও। অনশন কর্মসূচী পালনকালে ৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস সহ অন্যান্য নেতারা।
