বিজয় বার্তা ২৪ ডট কম
জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবাদ ‘প্রশ্রয় দিচ্ছেন’ অভিযোগ করে সরকারের একাধিক মন্ত্রী বলেছেন, ‘তিনি (খালেদা জিয়া) জঙ্গিবাদের মদদদাতা। মদদদাতাদেরও বিচারের আওতায় আনা হবে।’
শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্য হয়ে গেছে বলেও মনে করেন তারা।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস-আইডিইবির মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার বিকেলে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধী প্রতিরোধে পেশাজীবী-প্রজাতন্ত্রের কর্মচারীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস-আইডিইবি।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাককে ‘ভুতের মুখে রাম রাম’ আখ্যা দিয়ে নৌপরিবহন মন্ত্রী মো. শাজাহান খান বলেন, ‘জাতীয় ঐক্য গড়ে তোলার কথা কে বলছেন… খালেদা জিয়া। ভুতের মুখে রাম রাম। তিনি এই জঙ্গিবাদের আশ্রয় দিচ্ছেন। তিনি বলেছেন নির্বাচন না হলে জঙ্গিবাদের উত্থান হবে। জঙ্গিবাদের লালন-পালন ও প্রশ্রয় দিচ্ছেন তিনি।’
তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে- যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা স্বীকার করে এবং যুদ্ধপরাধীদের বিচার চায়, তাদের নিয়ে। ইতিমধ্যে সেই জাতীয় ঐক্য হয়ে গেছে।’
বিএনপির মধ্যে যারা মুক্তিযোদ্ধা আছে, তাদের আওয়ামী লীগের জাতীয় ঐক্যে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে স্বাধীনতার বিরোধী আখ্যা দিয়ে শাজাহান খান বলেন, এদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে। জঙ্গিবাদ যারা করে তাদের ধর্মীয়, মানবিক মূল্যবোধ নেই।
জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে পেশাজীবীরা ঢাকায় কনভেনশন করবেন জানিয়ে মন্ত্রী বলেন, এ ছাড়া জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে কমিটি গঠন হবে। এর মাধ্যমে আলবদর, জঙ্গি, রাজাকারদের ধরে হাজতে দিতে হবে। সব প্রতিষ্ঠানে পৃথকভাবে তথ্য সংগ্রহ সেল গড়ে তুলতে হবে।
নেতাকর্মীদের জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে সারাদেশে ‘সন্ত্রাসবিরোধী কমিটি’ গঠনের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জনিয়ার মোশাররফ হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্ব জাতীয় ঐক্য ইতিমধ্যে হয়ে গেছে। প্রতিটি গ্রামে, প্রতিটি এলাকায় জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে জঙ্গিবাদের শিকড় উৎপাটন হবে।
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, খালেদা জিয়ার ঐক্যের আহ্বানের সাড়া দেওয়া কারণ নেই। তিনি জঙ্গিবাদের প্রশ্রয় ও মদদদাতা। যারা জঙ্গিবাদের মদদদাতা এবং অর্থের যোগানদাতা তাদের বিচারের মুখোমুখি করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীরা জঙ্গিবাদ উৎপাটনে বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, যাদের সঙ্গে একাত্তরের স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামী আছে, তাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তাদের নিয়ে এরই মধ্যে জাতীয় ঐক্য হয়ে গেছে।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
