বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্লু-লেস রিক্সা চালক “আব্দুল্লাহ আল মনছুর” হত্যার ঘটনার মামলার আসামী ইসমাইলকে
গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার (উপ-পরিচালক) এ কে এম মুনিরুল আলম।
গ্রেপ্তারকৃত মোঃ ইসমাইল হোসেন (৩৫) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকার বাসিন্দা।
মুনিরুল আলম জানান, ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল মনছুর (২১) নামের এক অটোরিক্সা চালক নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পরও তাকে পাওয়া না গেলে ভিকটিমের মা ছেমনা খাতুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। নিখোঁজের সাধারণ ডায়েরীর সূত্র ধরে র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। এসময় গত ১৩ ফেব্রুয়ারী দুপুরে সোনারগাঁয়ের বেইলর এলাকার নতুন রাস্তার পাশে একটি ডোবা থেকে ভিকটিমের অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
যা দেখে ভিকটিমের আত্মীয়-স্বজন নিখোঁজ আব্দুল্লাহ আল মনসুরকে সনাক্ত করে। পরে সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এই মামলায় ১৪ ফেব্রুয়ারী রাতে এই হত্যাকান্ডের সাথে জড়িত মূল পরিকল্পনাকারী
ও হত্যাকারী মঞ্জুর হোসেন @ মঞ্জু (৪০) এবং ছিনতাইকৃত অটোরিক্সা ব্যবসায়ী আসামী রমজান আলীকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের স্বীকারোক্তি ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে ১৯ ফেব্রুয়ারী বিকেলে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী আসামী মোঃ ইসমাইল হোসেনকে জেলার বন্দর কদমরসূলবাগ এলাক থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী এ হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

