বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মামুনুল হকের নারীঘটিত কান্ডের জের ধরে সহিংসতার ঘটনার মামলার আসামি হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফ ও কাজি সমির ওরফে অহিদ হুজুরসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরের বিভিন্ন এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা তাদের গ্রেফতার করেন। এই মামলার আসামী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী হলেন হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ ওরুফে সাইফ, হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির ও অহিদ ওরুফে অহিদ হুজুর।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, তাঁদের কাছ থেকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি হত্যাচেষ্টার পরিকল্পনা করার অডিও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোনারগাও থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে আদালতে পাঠালে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত ৩ এপ্রিল রাতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সচিব মামুনুল হক সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট নামের একটি হোটেলে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর ব্যাপক ভাঙচুর করেন তাঁর কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করে রাতেই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ রনির ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালান হেফাজতের কর্মী-সমর্থকেরা।
পরে এ ঘটনায় ৯ এপ্রিল বাদি হয়ে সোনারগাঁ থানার মামলা করে সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা। (মামলা নং ১২)

