বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিয়ের দাওয়াতে গিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে ঐ উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ যুবকের নাম তানসেন। তিনি রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, ওই যুবক সুস্থ আছেন। তার হাঁটুর নিচে গুলি লেগেছে। তবে কি কারণে সন্ত্রাসীরা তাকে গুলি করেছে তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁও উপজেলার আমবাগ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রী হয়ে আসেন তানসেনসহ হামলাকারীরা। খাওয়া দাওয়া শেষে তানসেনের সঙ্গে অজ্ঞাত হামলাকারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানসেনের হাঁটুতে গুলি করে তারা। ঐ সময় আশপাশের লোকজন ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা একটি পিস্তল ও তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
সোনারগাঁও থানার তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এ.এস.এম ইকবাল হোসেন জানান, সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। গুলিবিদ্ধ তানসেন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

