বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সির টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি টয়লেটের পাইপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার তিথী খবরের কাগজকে জানান, সকালে হাসপাতালের ইমার্জেন্সিতে রোগীদের টয়লেট ব্লক হয়ে গেছে এমন খবর জানতে পেরে পাশে নির্মাণাধীন আরেকটি টয়লেটের পাইপ দিয়ে মেরামত করতে গেলে আমাদের স্টাফরা নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। হাসপাতালের ভেতর থেকে নাকি বহিরাগত কেউ ফেলে দিয়ে গেছে কিনা তা এখনো আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সাথে সাথেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নাঈমুল ইসলাম জানান, হাসপাতালের টয়লেটের পাইপের ভেতর একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষ আমাদের অবগত করে। ঘটনাস্থলে গিয়ে পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

