বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের প্রায় তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের, ভাটিবন্দর, রতনপুর,জৈইনপুর,জিয়ানগর,ভবনাথপুর,মরিচাকান্দিসহ পাঁচটি গ্রামের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নারায়ণগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তামশিদ ইরাম খান।
এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে অনেকে বাসাবাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছিলেন। এভাবে প্রতি বছর সরকারের তিন কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় আরেও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস মেঘনাঘাট জোনাল অফিসের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান, তিতাস গ্যাসের কর্মকর্তাসহ সোনারগাঁও থানা পুলিশের একটি টিম।

