বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতের নাম সোহাগ আলী। তিনি সোনারগাঁয়ের সাহাপুর এলাকার আলাউদ্দিনের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।
আদালতের এপিপি ফজলুর রহমান জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পরিকল্পিতভাবে উপজেলা চেয়ারম্যানের অফিস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিয়ে যান সোহাগ আলী। পরে ইউএনও কার্যালয়ের সামনে শহিদ মিনার প্রাঙ্গণে রেখে ভাঙচুর করে ও দুমড়ে-মুচড়ে ফেলেন তিনি। স্থানীয়রা বিষয়টি দেখে তাকে ধরে মারধর করে। এরপর ইউএনওর নির্দেশে সোহাগকে আটক করে পুলিশ।
এ ঘটনায় সোনারগাঁ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর আশরাফুল ইসলাম। সে মামলায় মঙ্গলবার এ রায় দেয় আদালত।

