বিজয় বার্তা ২৪ ডট কম
যান চলাচল বিঘ্ন করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাচনী প্রচারণা করায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও এই আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সেই সঙ্গে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানসহ ১০ ইউপি চেয়ারম্যানকেও শোকজ করেছে বিচারকদের নিয়ে গঠিত নির্বাচন অনুসন্ধান কমিটি৷ আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় জেলা ও জজ আদালতে তাদের প্রত্যেকের উপস্থিত হয়ে কিংবা তাদের যেকোনো একজন প্রতিনিধিকে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) আসনটিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন অনুসন্ধান কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ মোহসিনা ইসলাম নোটিশটি ইস্যু করেন৷
আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বাদে বাকি যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান বাবুল হোসেন, পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুম, বৈদ্দ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া,বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ।
কায়সার হাসনাতকে পাঠানো ওই নোটিশে বলা হয়, গত ১৯ ডিসেম্বর তিনি শতাধিক মোটর-সাইকেলসহ হাজারো নেতা-কর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেন, যা যান চলাচলে বিঘ্ন ঘটায়৷ প্রার্থীর এ আচরণ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধির ৬(ঘ) ও ৮(ক) সুস্পষ্ট লঙ্ঘন৷ গণমাধ্যমের সংবাদেও বিষয়টি প্রকাশিত হয়েছে৷
অন্যদিকে চেয়ারম্যানদের নোটিশে বলা হয়, তারা সরকারি গাড়ি নিয়ে, জ্বালানি পুড়িয়ে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন৷ জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচন সমন্বয়কারী হাফেজ মাহমুদুল আনোয়ার এ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছে৷ এ অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানদের ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে৷
এ বিষয়ে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, দীর্ঘ দিন এই আসনটিতে নৌকার প্রার্থী ছিল না। এবার প্রার্থী পেয়ে আনন্দিত হয়ে দলীয় নেতাকর্মীরা মিছিল করেছেন। মূলত মিছিলটি ছিল দলের কেন্দ্রীয় আনন্দ মিছিল কর্মসূচির অংশ হিসেবে৷ আমরা সরাসরি মহাসড়কে ছিলাম না, ডাইভারশন রোডের ওপর ছিলাম। আমরা কোনো যানজট তৈরি করিনি। যেহেতু আমাকে শোকজ করা হয়েছে অবশ্যই এর ব্যাখ্যা প্রদান করবো।
যোগাযোগ করা হলে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, তিনিসহ কোনো চেয়ারম্যানই সরকারি গাড়ি ব্যবহার করেন নি৷ এর সঠিক ব্যাখ্যা আমরা কর্তৃপক্ষের সামনে উপস্থিত হয়ে জানাবো।

