নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলিল লেখক মোশারফ হোসেন ভূঁইয়া হত্যা মামলায় স্ত্রী শাহিনুর আক্তারকে যাবজ্জীবন এবং পরকীয়া প্রেমিক রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৩১ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আমিনুল হক আসামি রিপন মিয়ার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান। তিনি বলেন, আসামি শাহিনুর পলাতক ছিলেন। একই সঙ্গে উভয় আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অতিরিক্ত পিপি নজরুল ইসলাম মাসুম সাংবাদিকদের জানান, পরকীয়া সম্পর্কের জেরে শাহিনুর আক্তার ও রিপন মিলে পরিকল্পিতভাবে দলিল লেখক মোশারফকে হত্যা করে। প্রথমে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে অচেতন করা হয়। পরে বালতির পানিতে চুবিয়ে ও গলায় তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
মামলার বাদী নিহতের বড় ভাই সোলায়মান ভূঁইয়া বলেন, “আমরা আদালতের রায়ে সন্তুষ্ট। এখন আমাদের একটাই দাবি—এই রায় যেন দ্রুত কার্যকর হয়।”
