বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের খানপুর জোরা ট্যাংকি এলাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে পান্না (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে অভিযোগ করা হলে ব্যবস্থা নেয়া হবে। নিহত পান্না সেন্ট্রাল জেনারেল হাসপাতালের ডা. মিসকাত জাহান হেনার অধীনে চিকিৎসাধীন ছিলেন।
পান্নার স্বামী জিসান চাষাড়া মোড়ে ফলের ব্যবসা করেন। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব থানায়। তিনি স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার সুবজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পান্নার মা শান্তা বেগম জানান, সকালে সিজারের জন্য তার মেয়েকে এই হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেল ৪ টায় সিজার হয়। সিজারের পর মা মেয়ে দুজনই সুস্থ ছিল। কিছুক্ষণ পর নবজাতক মেয়েকে আদর করার সময় পান্নার কাশি হয়। কাশি দেয়ার পর নার্স ডাকা হলে তিনি এসে ইনজেকশন দেন। ইনজেকশনের পর পান্নার বমি হয় এবং অপারেশনের স্থান দিয়ে রক্তক্ষরণ হয়। এর কিছুক্ষণ পরে পান্না মারা যান। মারা যাওয়ার পর সাথেই ডাক্তাররা তড়িঘড়ি করে তাকে ঢাকা পাঠিয়ে দেয়।
হাসপাতালের পরিচালক মনিরুজ্জামান মনির জানান, পান্নার প্রেশার বেড়ে গিয়েছিল, তা নিয়ন্ত্রণ করা যায়নি। তাই তাকে ঢাকা পাঠানো হয়। পরে সে ঢাকা নেয়ার পথে মারা যায়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সিরাজুল ইসলাম জানান, রোগী মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সকলের সাথে কথা বলেছি। যদি রোগীর স্বজনরা অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

