বিজয় বার্তা ২৪ ডট কম
পশুর নদীতে কয়লা জাহাজ চলাচল বন্ধ ও লোভী আগ্ৰাসীদের হাত থেকে সুন্দরবন রক্ষার দাবিতে নারায়ণগঞ্জ তেল – গ্যাস – খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৯ এপ্রিল ) বিকেল পাঁচটায় চাষাড়া কেন্দ্রীয় পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জেলা তেল- গ্যাস- খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে ও জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, জেলা কমিটির সভাপতি হাফিজুর রহমান, বাসদ জেলা কমিটির সদস্য আবু নাইম খান বিপ্লব, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম গুলক, জেলা গন সংহতি আন্দোলনের আহ্বায়ক তরিকুল সুজন প্রমুখ ।
এ সময় বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ১৪ এপ্রিল রাতে আবারও সুন্দরবনের ভেতরে পশুর চ্যানেলে হাড়বাড়িয়া এলাকায় ৭৭৫ টন কয়লা নিয়ে জাহাজ ডুবেছে। গত কয়েক বছরে বারবার সুন্দরবনের ভেতরে কয়লাসহ দূষণকারী পণ্যবাহী জাহাজ ডুবে বনের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু সরকার তা রোধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বিকল্প পথে নৌপরিবহনের প্রকল্প নিয়ে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে; কিন্তু কোনো ফল আসেনি। বলা যায়, সরকার সুন্দরবনের গুরুত্ব বুঝতে চাইছে না। কারণ তারা গায়ের জোরে রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে, যার জন্য প্রতিদিন ১০ হাজার টন কয়লা এই পশুর নদ দিয়ে নেওয়া হবে। ফলে দুর্ঘটনা আরও বাড়বে। নূ্যনতম দায়বোধ থাকলে সরকার সুন্দরবনবিনাশী এসব তৎপরতায় যুক্ত হতো না।
