আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে দুটি ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মাজারটি শিয়পন্থী মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র স্থান বলে বিবেচিত।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, প্রথম বোমা বিস্ফোরণটি ছিল মাজারের কাছেই গাড়ি বোমা হামলার। কিন্তু দ্বিতীয় বিস্ফোরণটি কিসের, সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পর পর দুটি বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হন। আহত হন অনেকে। গুরুতর আহতের সংখ্যা বেশি বলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।এর আগেও বিভিন্ন সময়ে ওই মাজারটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে মাজারের কাছে হামলা হয়েছিল।
এমন সময় এই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটল, যখন সিরিয়ার সরকারি প্রতিনিধি ও বিরোধী গোষ্ঠীর নেতারা জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা অংশ নিয়েছেন।