বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটি হাউজিং এলাকায় বসানো কোরবানীর পশুর হাটটি উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। পুলিশের সহযোগিতায় বুধবার বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উচ্ছেদকারী টিম ওই অভিযান চালায়। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বেধে দেওয়া সময়ের মধ্যে পশুর হাট সরানো না হলে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।
জানা গেছে, সিটি কর্পোরেশন আহবানকৃত হাটের ইজারাতেও এ হাটের নাম ছিল না। তবে বসানো হাটের প্রচারণা পত্রে ‘ইজারাদার ও তত্ত্বাবধানে কে এমন নাম ছিল না।
তবে এলাকাবাসী জানায়, আওয়ামীলীগ নেতা হাবিবুল্ল্যাহ হবুল থানা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সমন্বয়ে অবৈধ এ পশুর হাটটি বসানো হয়েছে। বুধবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাট বসানো লোকজনদের সরে যেতে বলেন।
সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ অফিসের কর্মকর্তা আব্দুল হান্নান মিয়া জানান, সিটি কর্পোরেশন থেকে অনুমতি না নিয়েই এ পশুর হাট বসানো হয়েছে। সিটি কর্পোরেশন এখানে হাট বসাতে কোন অনুমতি দেয়নি। সে কারণেই এটা উচ্ছেদ করা হয়েছে। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আজ সকাল ১১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এদিকে এলাকাবাসীর দাবি নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমানের নাম ব্যবহার করে হবুল, তোফায়েল, নজরুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন এর ফুফাত ভাই টাইগার জুয়েল অবৈধ ভাবে এ হাট করছে।
তারা আরো বলেন, এ থেকেই বোঝা যাবে আইভী না শামীম জয় হয়। আমরা সাধারন জনগন মনি করে কোন অবৈধ হাট যেন সিটি এলাকায় হতে না পারে তার জন্য মেয়র আইভী ব্যবস্থা নেবেন। প্রয়োজনে এ হাটগুলোতে প্রকাশে ইজারা ঘোষনা করে বৈধ ইজারাদারদের হাটগুলো বুঝিয়ে দেবেন। এটা করা সম্ভব হলেই আইভিই জয়ী হবেন। এলাকাবাসীও শান্তিতে কোরবানীর পশু ক্রয় করতে পারবেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম জানান, সিটি কর্পোরেশন হাটটি উচ্ছেদ করেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে আমরা সেখানে পুলিশ দিয়ে তাদেরকে সহযোগিতা করেছি।
তবে হাট উচ্ছেদের সময়ে এর দখলে থাকা আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ হবুলকে পাওয়া যায়নি। সন্ধ্যা দিকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক ঘটনাস্থলে আসেন। তবে তিনি কোন কথা বলতে রাজি হননি।
