বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিনসেড ঘরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক মাস বয়সী শিশুর মৃত্যুর পর এবার মারা গেল তার নানী তাহেরা আক্তার। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাহেরা আক্তার (৫০)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের আবাসিক সার্জন মো. হারুনুর রশীদ জানান, তাহেরার শরীরের প্রায় ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালীও দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এর আগে গতকাল রোববার ভোরে মারা যায় নিহত তাহেরার নাতি, এক মাস বয়সী শিশু ইমাম উদ্দিন।
এ ঘটনায় শিশুটির বাবা মো. হাসান, মা সালমা বেগমসহ একই পরিবারের সাতজন এখনো ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের ভাষ্য, তাদের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার রনি সিটি সংলগ্ন জাকির খন্দকারের টিনসেড বাড়ির তিনটি ভাড়াটিয়া কক্ষে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ফ্রিজের কম্প্রেসারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। তবে এলাকাবাসীর দাবি, বিস্ফোরণের কারণ তিতাস গ্যাস লাইনের লিকেজ। তাদের ভাষ্যে, ঘটনার পর আজও ওই কক্ষের নিচ থেকে বুদবুদ উঠতে দেখা গেছে, যা গ্যাস লিকেজের আলামত হতে পারে।
বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে চাইলে আদমজী ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, “আমরা এ ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করব। তদন্তের পরই বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।
