নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুর রহিম (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কালুহাজী রোড এলাকার বালুর মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহিম মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সাদেকের বাড়ীর মৃত আ: সালাম তালুকদারের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহতের হাতে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তার বুকের মধ্যে একটি প্লাস ছিল।
নিহতের বড়ভাই আ: রব জানায়, আমার ভাই একজন বিদ্যুৎ মিস্ত্রি। গতকাল বৃহস্পতিবার বিকালে আসর নামাজের সময় খাওয়া-দাওয়া করে বাসা থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেনি। সকালে লোক মারফত জানতে পারি আমার ভাই রহিমের মরদেহ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে খবর দেই। আমাদের ধারণা, আমার ভাইকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে।
নিহতের স্ত্রী লিপি বেগম জানান, আমার স্বামী বিদ্যুতের কাজ করে সংসার চালায়। যারা আমার সন্তানদেরকে এতিম করেছে আমরা তাদের বিচার চাই।
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ জানান, মিজমিজি কালুহাজী রোড এলাকায় একটি অজ্ঞাত লাশ পরে আছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের পরিচয় জানতে পারি। বিদ্যুৎস্পৃষ্ট হলে যেমন আলামত দেখা যায় তেমনি নিহতের হাতে ও পায়ে চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকান্ড নাকি বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

