বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার ডাম্পিং-সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। পরিচয় শনাক্তের লক্ষ্যে সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করলেও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রায় ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

