বিজয় বার্তা ২৪ ডট কম
যানজটের দুর্ভোগ থেকে শহরবাসীকে স্বস্তি প্রদানে যানজট নিরসন এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করনের লক্ষ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশেপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। অপরদিকে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ড নিয়ে দুটি পক্ষের মাঝে সৃষ্ট ভুল বুঝাবুঝি উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে অবসান ঘটিয়েছেন তিনি।
শনিবার ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ রেলস্টেশনের চারারগোপ এলাকার পরিত্যক্ত জমি, ৫নং খেয়া ও মাছ ঘাট, সারের গোডাউন এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন করেন এমপি সেলিম ওসমান। এ সময় তিনি বাস টার্মিনালে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আলোচনা করেন।
এ সময় উপস্থিত কয়েকজন নেতৃবৃন্দ টার্মিনালে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং টার্মিনাল এলাকাকে পরিচ্ছন্ন করার কথা উল্লেখ করলে সেলিম ওসমান সাথে সিটি করপোরেশনের দুইজন কাউন্সিলরের সাথে কথা বলে দ্রুত পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে টার্মিনাল এলাকায় বাতি লাগানোর অনুরোধ করেন। আর টার্মিনাল পরিচ্ছন্ন রাখতে সিটি করপোরেশনের জনবলের সংকুলন হলে শ্রমিক নেতৃবৃন্দদের সিটি করপোরেশনকে সহযোগীতা করার অনুরোধ করেন।
পরিবহন মালিক এবং শ্রমিক উভয় পক্ষ টার্মিনালে বাস রাখার জায়গার স্বল্পতার কথা উল্লেখ করে চারারগোপ এলাকায় রেলওয়ের খালি জমিতে গাড়ি পাকিংয়ের ব্যবস্থা করার ব্যাপারে গুরুত্ব দেন। এ সময় সেলিম ওসমান রেলওয়ে, বিআইডব্লিউটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে একটি আলোচনার ব্যবস্থা করতে পরিবহন মালিকদের প্রতি অনুরোধ রাখেন। ওই আলোচনার মধ্য দিয়েই অনেক সমস্যার সঠিক সমাধান খুঁজে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় পরিবহন মালিক নেতৃবৃন্দদের মধ্যে উৎসব পরিবহনের চেয়ারম্যান শহীদুল্লাহ সহ উল্লেখ যোগ্য অনেক নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে ট্রাক স্ট্যান্ড ও লোড-আনলোড নিয়ে দুই পক্ষে মাঝে ভুল বুঝাবুঝির অবসানে নিতাইগঞ্জে আটা ময়দা মিল মালিক সমিতির কার্যালয়ে দুপুর ২টায় মিল মালিক, আড়ৎদার ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দদের সাথে আলোচনায় বসেন সেলিম ওসমান।
এ সময় তিনি বলেন নিতাইগঞ্জের ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে নিতাইগঞ্জে ট্রাক স্ট্যান্ড নিয়ে ঝামেলা চলছিলো। শতবার চেষ্টা করেও কোন সমাধান পাওয়া যায়নি। কিন্তু সিটি করপোরেশনের মেয়র এ ব্যাপারে আমার কাছে বড় ভাই হিসেবে সহযোগীতা চেয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করেছি। আপনারা নিজ উদ্যোগে সকল কিছুর ব্যবস্থা করেছেন। যার ফলে প্রতিদিনের যানজট লেগে থাকা নিতাইগঞ্জ এখন অচেনা মনে হচ্ছে। আর সাধারণ মানুষ স্বস্তি পেয়ে যে দোয়া এবং সম্মান আমাকে দিচ্ছেন তার দাবীদার আমি নই। এই সম্মান আপনাদের প্রাপ্য। এখানে কোন আইন করা হয়নি। পুলিশ দিয়ে পেটানো হয়নি। এখানে আপনারা নিজ উদ্যোগে স্বেচ্ছায় শ্রম দিয়ে একটি শৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছেন। এই শৃঙ্খলা আপনাদের ধরে রাখতে হবে। এই শৃঙ্খলা আনতে গিয়ে নিতাইগঞ্জের ব্যবসায়ীরা ব্যবসায়িক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও এখানে নতুন কিছু মুখের সৃষ্টি হয়েছে যারা আপনাদের ভদ্রতাকে কাজে লাগিয়ে ট্রাক থেকে চাঁদাবাজি করতে চাইছে। এতো কিছুর পরেই আপনারা সর্বাত্মক সহযোগীতা করছেন। কিন্তু কোন কোন কর্মকর্তা শ্রমিক নেতৃবৃন্দদের ধমক দেন। কেউ আবার এখানে আইন প্রয়োগ করার কথা বলেন। আমি নিজেও একজন ব্যবসায়ী। ব্যবসায়ী ধ্বংস হয়ে যাক এটা আমি কখনোই চাইবো না। ব্যবসার স্বার্থে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের নিয়ে সাদা পতাকা নিয়ে নারায়ণগঞ্জ থেকে হরতাল তাড়িয়েছি। আজকে বাংলাদেশে কোথাও হরতাল হয়না। প্রয়োজনে আবারো ব্যবসায়ীদের নিয়ে রাস্তায় নামবো। আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা কোন গুজবে কান দিবেন না। নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করবেন না। সেপ্টেম্বর মাসের পর থেকে এখানে আনসার সদস্য থাকবে না। আপনার একটি সিস্টেমে পরিচালিত হয়ে অভ্যস্ত হয়ে যাবেন। তাই এই শৃঙ্খলা ধরে রাখা অত্যন্ত জরুরি। নিতাইগঞ্জে পূর্বের নিয়মেই ট্রাকে মাল লোড আনলোড হবে। লোড আনলোড হয়ে যে কয়টি ট্রাক শহর থেকে বেরিয়ে যাবে একই সংখ্যক ট্রাক আবার শহরে প্রবেশ করবে। তবে কোন অবস্থায় ই একটি ট্রাক ৩ ঘন্টার অধিক সময় নিতাইগঞ্জে অবস্থান করতে পারবে না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ এর পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, আটা ময়দা মিল মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন, অটো ফ্লাওয়াল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ ওয়াজেদ আলী বাবুল, সুগার ওয়েল মিল মালিক সমিতির সভাপতি শংকর সাহা, চাল আড়ৎদার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন, ট্রাক ট্যাংকলরী কর্ভাট ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাসুদুর রহমান মানিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।

