বিজয়বার্তা ২৪.কম
জাতীয় যাদুঘর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাাল বলেছেন, যারা এ কাজ করেছে তারা নিজেরাই স্বাধীনতায় বিশ্বাস করে না। এই ঘটনা অবৈধ আওয়ামী সরকারের বাংলাদেশকে গোলাম রাষ্ট্রে পরিনত করার নীল নকশারই বহিঃপ্রকাশ। এই সরকারের সকল ভয় শহীদ জিয়া ও তার পরিবারকে নিয়ে। জিয়া ও তার পরিবার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাই তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া ও তার পরিবারের সকল অর্জনকে মুছে দিতে ব্যার্থ চেষ্টায় লিপ্ত।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের করা মামলায় আত্মসমর্পন করে আদালত থেকে জামিন লাভ করেন মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক সহ বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। অন্যদিকে একই আদলতে সদর থানার একটি নাশকতার মামলায় হাজিরা শেষে এটিএম কামাল নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে এসকল কথা বলেন।
এটিএম কামাল অবিলম্বে পদক ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সকল নেতৃকর্মীদের আহবান জানান।
এসময় নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, নগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার প্রধান ও যুবদল নেতা রনি প্রমুখ।
