বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. শাখাওয়াত হোসেন খান বলেছেন, এই সরকার মানুষের ভোটের অধিকার হরণ করে মানুষের উপর বোঝা হয়ে বসেছে। সরকার আমাদের গনতান্ত্রিক আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা সৃষ্টি করছে।
শনিবার সকাল ১১ টার দিকে শহরের দেওভোগ আখড়া এলাকায় মহানগর বিএনপির নেতা জাকির খানের উদ্যোগে ও মহানগর বিএনপির আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই সরকার মহানগর বিএনপির নেতা জাকির খানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে বাঁধা সৃষ্টি করছে।সরকার ক্ষমতার আসার পূর্বে বলছিল আমরা দশ টাকা চাল ও ঘরে ঘরে চাকুরীর ব্যবস্থা করবো। কিন্তু তারা তা করেনি বরং আমাদের চল্লিশ টাকা দরে চাল কিনতে হচ্ছে। সরকার বিএনপির নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনেকেই জামিনে মুক্ত করেছি।
তিনি আরো বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার বিরোধী যে কর্মসূচি ঘোষণা করবে তা আমরা ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হঠাবো।
মহানগর বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মহানগর মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা হাজী ইসমাইল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান। আরো উপস্থিত ছিলেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান, মহানগর ছাত্রদল দল নেতা লিংরাজ খান সহ অনেকেই।
