বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রন নিতে সন্ত্রাসী তোফায়েল বাহিনীর হামলায় নারী পুরুষসহ ১০ জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় নাসিক ৩নং ওয়ার্ডের সানারপাড় সোনামিয়া মার্কেট তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় রিপন (৩০) নামে এক যুবককে নারায়ণগঞ্জ খানপুর ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও এলাকায় চরম আতংক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ক্ষমতাসীন আওয়ামীলীগের সাইনবোর্ড ব্যবহার করে ঝুট সেক্টর নিয়ন্ত্রন করছে সন্ত্রাসী তোফায়েল বাহিনী। বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগের অপর গ্রুপের কিছু যুবক সানারপাড় নিমাইকাশারী এলাকাস্থ সিকোটেক্স গার্মেন্টসে ঝুট নামাতে যায়। খবর পেয়ে সন্ত্রাসী তোফায়েল তার অনুগত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ে হাজির হয় সেখানে। তখন উভয় গ্রুপ মুখোমুখি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পরে। নারায়ণগঞ্জের প্রভাবশালী এক আওয়ামীলীগ নেতার মধ্যস্থতায় একটি গ্রুপ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় পিছন থেকে তাদের উপর হামলা করে তোফায়েলের সন্ত্রাসীরা। এসময় তোফায়েলের পালিত সন্ত্রাসী শীর্ষ মাদক ব্যবসায়ী হত্যাসহ একাধিক মামলার আসামী কাজী আলমগীর (৪৫), তার ছোটভাই কিলার জসিম (৩৫), কাজী খোকন (৪৮), অস্ত্র মামলার আসামী কামরুজ্জামান কামু (৪৫), আরো দুই মাদক ব্যবসায়ী শামসিন (৩৫), আওলাদ (৩৫) এবং হত্যাসহ একাধিক মামলার আসামী কাইল্লা সেলিম (৪৮) সহ ২৫/৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে বেধরক মারধর করে। হামলায় গুরুতর রক্তাক্ত জখম হয় হাজী সামছুল হকের ছেলে রিপন, আহত হয় বিলকিস বেগম (৪০), আলী ইসলাম (৩০), মো: করিম (৪০) সহ আরো অন্তত ৬জন। গুরুতর আহত রিপনকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আহত রিপনের বড়ভাই মো: ইউসূফ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
