স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
শ্রমিক দিবসে রাজধানীতে কাজ করতে গিয়ে পৃথক দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহত হয়েছে। রবিবার দিনের বিভিন্ন সময়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানী ঢাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিলে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই নির্মাণ শ্রমিক। এছাড়া রাজধানীর বাড্ডায় ১ জন ও কামরাঙ্গীরচর আরো এক শ্রমিক নিহত হয়।
রবিবার শ্রম অধিকার দিবসে সাধারণ ছুটির দিনটিতে দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান শাখার পাশের একটি পাঁচ তলা ভবনে কাজ করছিলো শ্রমিকরা। নিহতরা নির্মাণাধীন ওই ভবনে রড তুলছিলেন।
বিকালে সেখানে দুর্ঘটনায় সুমন (২২) ও শিমুল (২৫) নামে ওই দুই শ্রমিক নিহত হন বলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন।
ওসি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান শাখার পাশের একটি পাঁচ তলা ভবন থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার এসআই নাসির উদ্দিন বলেন, “একজন ওই ভবন থেকে মাটিতে পড়ে গিয়েছিল। আরেকজনকে ধরাধরি করে অন্যরা নিচে নামিয়ে এনেছিল। একজনের শরীরে জখমের চিহ্ন রয়েছে, আরেকজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”
এই পুলিশ কর্মকর্তার ধারণা, তড়িতাহত হয়ে এক শ্রমিক মারা যান, অন্যজন ছিটকে নিচে পড়ে যান।
রাজধানীর বাড্ডায় পায়রা স্কুলের সামনের সকাল ১০টার দিকে একটি নির্মাণাধীন ভবনের দেয়ালে রং করছিলেন আক্তার হোসেন (২৭)। এ সময় দড়ির তৈরি ঝুলন্ত সিঁড়ি ছিড়ে তিনি নিচে পড়ে যান। তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আক্তারের সহকর্মী শাহাদত জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল। তিনি তেজগাঁওয়ে থাকতেন। শাহাদাত বলেন, ‘এক দিন কাজ না করলে সংসার চলে না। এ কারণে সকাল থেকেই আক্তার ও আমি কাজ শুরু করি। কাজ করতে এসে এমন দিনেও তাকে জীবন দিতে হলো।’
এদিকে বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর খোলামোড়া এলাকার একটি প্লাস্টিক কারখানায় কাজ করছিলেন নূরী বেগম (৫০)। এ সময় তিনি মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে আনা হয় বলে সহকর্মী শামিম জানান। নূরী বেগমের একার আয় দিয়েই তার পরিবার চলে। তাই তিনি অন্যান্য দিনের মতো শ্রমিক দিবসেও কাজে এসেছিলেন।
ঢামেক হসপাতালের জরুরি বিভাগের ডা. মুনিয়া সাংবাদিকদের জানান, এমন গরমের দিনে কাজ করতে গেলে অতিরিক্ত পানি পানের প্রয়োজন হয়। পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।