বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। শনিবার সকাল সাড়ে দশটায় নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন নৌঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম জয়কৃষ্ণ (১৮)। সে নরসিংদী জেলার নরসিংদী গ্রামের বিশ্বজিৎ সাহার ছেলে । এর আগে শুক্রবার রাতে ট্রলার থেকে নামতে গিয়ে অসতর্কতার কারণে পানিতে ডুবে নিখোঁজ হয়।
নিহতের মামা সুশান্ত কুমার সাহা জানান, জয় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ডাইলপট্টির একটি দোকানে চাকরী করতো। সে বন্দরের আমীন হাউজিং এলাকায় পরিবারের সাথে ভাড়ায় বসবাস করতো।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান জানান, শুক্রবার রাতে জয়কৃষ্ণ নামের ওই যুবক টার্মিনাল ঘাটে ট্রলার থেকে নামতে গিয়ে পা ফসকে নদীতে পড়ে যায়। সাথে সাথে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা যায়নি। পরে শনিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে দূর্ঘটনাস্থল থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

