বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ র্যাব-১১ এর অভিযানে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় মাদ্রাসার এক সাবেক ছাত্র এবং এক মহিলাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভোর সোয়া ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শীমরাইল মোড়ে একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৮হাজার ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। সোমবার বিকালে র্যাব-১১এর এএসপি নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রবিবার রাতে চট্টগ্রাম থেকে গ্রীনলাইণ পরিবহনের একটি বাসে করে ইয়াবার একটি চালান ঢাকায় আসছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব রবিবার গভীর রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে একটি চেকপোষ্ট বসিয়ে তল্লাশী শুরু করে। পরবর্তীতে সোমবার ভোর সোয়া ৬টায় চট্রগ্রাম থেকে ঢাকাগামী গ্রীনলাইন পরিবহনের একটি বিলাস বহুল ডাবল ডেকার এসি কোচে তল্লাশী করা হয়। এসময় মোঃ ফোরকান(২৮) নামে এক মাদ্রাসার সাবেক ছাত্র ও মোছাঃ লায়লা বেগম(৪০) নামে এক মহিলাকে আটক করা হয়। আটক কৃতদের সিটের নিচে চৌম্বকের মাধ্যমে আটকানো একটি পেকেট উদ্ধার করা হয়। এর মধ্যে থেকে সাড়ে ৮হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এবং তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ ফোরকান(২৮) চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা চুম্বকের সহায়তায় বাসের সীটের তলায় সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। উল্লেখ থাকে যে, আইন শৃংখলা বাহিনীর নজর এড়াতে মোঃ ফোরকান মাদক পাচারে সহায়তা করার জন্য তার সাথে মোসাঃ লায়লা বেগম(৪০) কে সহযাত্রী হিসেবে নিয়ে আসে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

