বিজয় বার্তা ২৪ ডট কম
আগামীকাল রোববার ৬ষ্ঠ বর্ষে পদার্পন করবে দৈনিক সংবাদচর্চা। পাঠকদের ভালবাসা ও অকুণ্ঠ সহযোগিতায় ৫টি বছরের পথ-পরিক্রমা সমাপ্ত করলো এই দৈনিকটি। ২০১২ সালের ২৬ মার্চ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল এই দৈনিকটি ।
শুরু থেকেই সংবাদচর্চা তাদের প্রতিশ্রুতি-‘সত্য প্রকাশে সংগ্রাম প্রতিদিন’ রক্ষায় অবিচল রয়েছে। এই পাঁচ বছরের পথচলায় অনেক বাধা-বিপত্তি, দৈন্যতা-সীমাবদ্ধতাসহ নানা প্রতিকূল পরিবেশের সম্মুখিন হয়েছে। তবুও পথ হারায়নি, এগিয়েছে প্রতিশ্রুত পথেই।
দৈনিকটির সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নেয়ামত উল্লাহ শুরু থেকেই ন্যায়-নিষ্ঠার সাথে এগিয়ে যাচ্ছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ৫টি বছর আমাদের সাথে পাঠকের পরিচয়-পর্বই শুধু নয়, হয়েছে সখ্যতাও। তাদের কাছে এখন এই দৈনিকটি বেশ পরিচিত ও জনপ্রিয়। জৌলুস না থাকলেও সততার উজ্জ্বলতা নিয়ে পথের আলো জ্বালছি। তবুও মাঝে মাঝে পাঠকদের কাছ থেকে অনিচ্ছাকৃতভাবেই দূরে সরে যেতে হয়েছে। তা-ও সাময়িক। আবারও ফিরে এসেছি, আগের মতোই। আপোষ নয়, সংগ্রামের পথেই। যতদিন পাঠক আমাদের সাথে থাকবেন সত্যের অবিচল সংগ্রামে আমরাও আছি।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল রোববার বিকালে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশবরেণ্য বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
