বিজয় বার্তা ২৪ ডট কম
রূপগঞ্জকে আর গাজীগঞ্জ করতে দেওয়া হবেনা বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেই আলোচিত সেলিম প্রধান। সোমবার (২৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পুড়ে যাওয়া গাউছিয়া কাঁচাবাজারের দোকান পরিদর্শন করে তিনি এ কথা বলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের শান্তনা দেন।
জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, রূপগঞ্জকে এরা গাজীগঞ্জ বানিয়ে ফেলেছে। আর এখানে আওয়ামী লীগ নেই , সব গাজী লীগ হয়ে গেছে। আর যারা গাজী পরিবারের চাটুকারিতা করে তারাই আওয়ামী লীগ খায় আওয়ামী লীগের পদ-পদবি পায়। আর সেসব লোকেরা দিন শেষে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর যারা গাজী পরিবারের চাটুকারিতা করেনা তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে হাজতে ঢুকানো হয়। এরকম অনেক আওয়ামী লীগার হাজতে রয়েছে।
তিনি আরও বলেন, গাজী সাহেব এতো টাকা কামিয়েছেন, অথচ এই সময়ে মাত্র ৫ লাখ টাকা দিয়েছেন। ছি. লজ্জা লাগেনা। হারামের টাকা অনেক কামিয়েছেন। এখন জনগণের উপকারে কাজ করেন, সবার পাশে এসে দাঁড়ান। ওদের যত টাকা আছে এগুলো সব রূপগঞ্জের টাকা। রূপগঞ্জবাসী এই টাকার মালিক। আমাদের টাকা নিয়ে তোমার কী করেছো। আমাদের আর কত বোকা বানাবেন।
তিনি বলেন, সত্যিকার আওয়ামী লীগার যারা তারা কেউ রূপগঞ্জে বসবাস করতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের আমি অনুরোধ করবো আপনারা এই বিষয়টি যাচাই বাছাই করে দেখুন। এমপি গাজী ১৫ বছর এই আসনের সংসদ সদস্য থাকা সত্ত্বেও একটা মসজিদ ও মন্দির তৈরি করেনি। তারা রূপগঞ্জ কে কতটুকু ভালোবাসে তা আপনাদের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন।
রূপগঞ্জ ধ্বংস করে ফেলছে উল্লেখ করে তিনি বলেন, আজ নাওড়া এলাকায় সংঘর্ষে আট জন গুলিবিদ্ধ হয়েছে। কিছুদিন আগে এক সাংবাদিককে রাম দা দিয়ে কুপিয়ে জখম করেছেন। রূপগঞ্জকে ধ্বংস করে ফেলতেছে। আমি প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

