বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি ইকোনমিক জোনে গ্রুপের সিটি অটোরাইস অ্যান্ড ডাল কারখানায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হযরত আলী (৫০) ও রোববার সকালে বেলায়েত হোসেন (৬০) মারা যান। আগুনে দগ্ধ আরো একজনের অবস্থাও আশঙ্কাজনক।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, হযরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
জানা গেছে, গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে রূপসী সিটি ইকোনমিক জোনের তালতলা এলাকার সিটি রাইস অ্যান্ড ডাল কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় কারখানার থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসার সময় আগুনে দগ্ধ হয় কারখানার শ্রমিক রূপগঞ্জের গর্ন্ধবপুর এলাকার এলাকার সূর্যত আলীর ছেলে হযরত আলী, উত্তরপাড়া এলাকার বেলায়েত হোসেন, আবু তাহেরের ছেলে সিরাজুল ইসলাম, কারখানার নিরাপত্তা কর্মী রানা মিয়া। পরে তাদেরকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার রাতে হযরত আলী ও রোববার সকালে বেলায়েত হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দগ্ধ রানা মিয়ার অবস্থাও আশঙ্কাজনক ।
সিটি গ্রুপের এডমিন অফিসার রবীন্দ্রনাথ জানিয়েছেন, সিটি অটোরাইস অ্যান্ড ডাল কারখানার হাকস ইয়ার্ডে পাইপ বিস্ফোরণে আগুন লেগে তারা দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সিটি ইকোনমিক জোনে সিটি রাইস অ্যান্ড ডাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে শুনেছি। এখন পর্যন্ত কেউ এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

