বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ফিল্ম স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিসানের মোটরসাইকেল ছিনতাই মামলায় মোটরসাইকেল ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—রংপুরের হারাগাছ টেংরি এলাকার মো. শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, নেত্রকোনার পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, রংপুরের ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ এবং বরিশালের পিপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন। বুধবার সকালে র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়, গত কয়েক মাস আগে রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ‘সিনেমাটিক স্টাইলে’ অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ঘটনায় আলোচনার ঝড় উঠলে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং খোঁজ নিতে শুরু করে এলাকার সক্রিয় ছিনতাইকারী চক্র সম্পর্কে।
গোপন তথ্যে জানা যায়, সামির–তৈয়ব–রানা গ্রুপ নামের একটি সংঘবদ্ধ ডাকাতচক্রই জিসানের মোটরসাইকেল ছিনতাইয়ের মূল হোতা। এমনকি তারা নতুন অস্ত্র কেনার প্রস্তুতিও নিচ্ছিল বলে তথ্য পায় র্যাব। এরপর চক্রটির অবস্থান শনাক্ত করে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সামিরসহ চারজনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি ডামি রিভলবার এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
