বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের সংসারে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন নিহতের দেবর আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম ও মেয়েজামাই শাকিল মিয়া।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বাবুল মীর তার জমিতে একটি ভবন নির্মাণের কাজ করছিলেন। ভবন নির্মাণের সময় জমির সীমানা নিয়ে তার আপন ভাই আলাল মিয়ার সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। নির্মাণকাজে আলাল মিয়া শুরু থেকেই বাধা দিয়ে আসছিলেন বলে অভিযোগ পরিবারের। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে চরম উত্তেজনা চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সীমানা নিয়ে নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম ও মেয়েজামাই শাকিল মিয়াসহ কয়েকজন মিলে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের ওপর অতর্কিত হামলা চালায়।
পরিবারের অভিযোগ, হামলাকারীরা রড দিয়ে নাসিমা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, ভুক্তভোগী পরিবার পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে সীমানা বিরোধের পাশাপাশি অন্য কোনো কারণ ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
