বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অসুস্থ ছোট বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বিকালে হামলার ঘটনা ঘটে।
নিহত সাদিকুল ইসলাম রিয়ন (১৭) উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকার জহিরুল ইসলাম কচির ছেলে। সে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
হামলায় রিয়নের বাবা জহিরুল ইসলাম কচি, মা জোসনা বেগম, ছয় মাস বয়সের ছোট বোন নুসরাত ও চাচা শাহিদুল ইসলাম আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে তাদের ডা. সিরাজুল ইসলাম চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, শনিবার বিকালে রিয়নের অসুস্থ ছোট বোন নুসরাতকে নিয়ে তারা সবাই ভুলতা হাসপাতালে যাচ্ছিলেন। পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে পথে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে ওপর হামলা চালায়।
দুর্বৃত্তরা তাদের এলোপাথাড়ি কুপিয়ে আহত করে এবং তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজধানীর মগবাজারের ডা. সিরাজুল ইসলাম চৌধুরী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রিয়নের চাচা সানোয়ার ইসলাম বাদী হয়ে ৯ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

