বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গায়ে হলুদ দিতে যাওয়ার সময় গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল সেট লুটে নিয়েছে। প্রতিবাদ করায় ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ছনপাড়া-ভোলাব মানিক সড়কে ঘটে এ ডাকাতির ঘটনা। আহতরা হলেন- ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন।
আহত খাইরুল কবির জানান, তার ভাই তাজুল মিয়ার শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। বিয়ে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায়। বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলযোগে বান্টি এলাকায় কনের বাড়ি থেকে গায়ে হলুদ দিয়ে নিজ বাড়ি চারিতালুক এলাকায় ফিরছিলেন তারা।
তিনি আরো জানান, রাত ৯টার দিকে ছনপাড়া-ভোলাব মানিক সড়কে বটতলা এলাকায় পৌঁছামাত্র ১২ থেকে ১৫ জনের ডাকাতদল ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গাছের গুঁড়ি ফেলে গায়ে হলুদের প্রাইভেটকার ও মোটরসাইকেল গতিরোধ করে। পরে দুইজনকে হাত-পা বেঁধে ফেলে সড়কের এক পাশে ফেলে রাখে। এ সময় গায়েহলুদের গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মোবাইল সেট ও প্রায় ২০ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন নামের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
এ সময় আহতদের চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পুবেরগাঁও, গুতুলিয়া ও চারিতালুক এলাকার মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে ঘটনাস্থলে এগিয়ে এলে ডাকাতদল কানিবিল দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেন, ছনপাড়া-ভোলাব মানিক সড়কে চারিতালুক বটতলা এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর বহিরাগতদের আনাগোনা দেখা যায়। এছাড়া একটি বেড়ার ঘরের আস্তানাও রয়েছে। সেখানে প্রায়ই ডাকাতদের আনাগোনা দেখা যায়।
এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এরমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গুতুলিয়া এলাকার সজিব নামের একজনকে আটক করা হয়েছে। ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

