স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়ে করা সংবিধানের অষ্টম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্টের ৩ সদস্যের বৃহত্তর বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোঃ আশাফুল কামাল।
এই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া রুলের ওপর শুনানির জন্য সোমবার দিন ধার্য ছিল। শুনানি নিয়ে হাইকোর্ট রিটটি খারিজ করে দেন।
১৯৮৮ সালে ৫ জুন হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দিয়ে সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। সংশোধনীতে ২(এ) সংযুক্ত করে বলা হয়- ‘রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে’।
একই বছরের ৯ জুন রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে এটা আইনে পরিণত হয়, যা সংবিধানের অষ্টম সংশোধনী নামে পরিচিত।
ওই বছরের আগস্টে ‘স্বৈরাচার ও সামপ্রদায়িকতা প্রতিরোধ কমিটি’র পক্ষে সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেনসহ (প্রয়াত) দেশের ১৫জন বিশিষ্ট নাগরিক এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন।
দীর্ঘ ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন হাইকোর্টে একই বিষয়ে ফের সম্পূরক আরো একটি আবেদন করে রিটের শুনানির আবেদন করা হয়। পরে ওই আবেদনে শুনানি নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেন।
রুলে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া কেন অবৈধ, বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার ও আইন সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছিল।
রুলের জবাব দাখিলের পর গত বছরের ৬ সেপ্টেম্বর রিট আবেদনকীরীদের অপর একটি আবেদনে তৎকালীন প্রধান বিচারপতি হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন।