বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে এই বৈঠক হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মার্কিন সহযোগিতায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বৈঠকে উপস্থিত ছিলেন।
বিকাল সোয়া ৪টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসে তাদের মধ্যকার এ বৈঠক শুরু হয়ে চলে বিকাল ৫টা পর্যন্ত।
বৈঠক শেষে খালেদা জিয়ার বাসার সামনে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে একটি স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র বন্ধুত্ব সহকারে কাজ করতে চায়।
মির্জা আলমগীর বলেন, তারা আশাবাদী, আমরাও আশাবাদী, মার্কিন সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নও হবে। একই সঙ্গে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
বিএনপি দাবি করে আসছে দেশে গণতন্ত্র ও নির্বাচিত সরকার নেই। এ বিষয়ে কি আলোচনা হয়েছে? এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর সরাসরি উত্তর না দিয়ে বলেন, আলোচনা হয়েছে। আমরা যা বলার আপনাদের বলে দিয়েছি।
নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবেও মির্জা আলমগীর সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আগেও বলেছেন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, জঙ্গিবাদ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
