বিজয় বার্তা ২৪ ডট কম
হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ন মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের দুই থানায় করা পৃথক পাঁচটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলাও রয়েছে। পুলিশ ও সিআইডি ৩৮ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির এর আদালত এ আদেশ দেন। এ সময়ে কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়াল আদালতে যুক্ত হন মামুনুল হক।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁ থানায় তিনটি ও সিদ্ধিরগঞ্জ থানায় করা দু’টি মামলায় বুধবার দুপুরে শুনানি হয়েছে। আদালত ৫ মামলায় ১৫ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন। শুনানীর সময়ে ভার্চ্যুয়াল আদালতে মামুনুল হক যুক্ত ছিলেন বলে জানান তিনি।
গত ৩ এপ্রিল বিকেলে সোনারগাঁয়ের একটি রিসোর্টে এক নারীসহ স্থানীয়দের হাতে অবরুদ্ধ হয় হেফাজত ইসলামের বহিস্কৃত যুগ্ম মহাসচিব মামুনুল হক। এ সময়ে তিনি ওই নারীকে নিজের ২য় স্ত্রী বলে দাবি করেন। এ খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে তার অনুসারীরা রিসোর্টে হামলা করে মামুনুল হককে ছাড়িয়ে নেন। এ সময়ে তারা মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে অগ্নিসংযোগ-ভাংচুর করে। ঘটনার পর স্থানীয় যুবলীগ নেতা ও সাংবাদিকের বাড়িতে হামলা করে তার অনুসারীরা। এসব ঘটনায় সোনারগাঁয়ে দু’টি মামলা হয়।
৩০ এপ্রিল কথিত সেই ২য় জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে বিয়ের আশ্বাস দিয়ে মামুনুল হক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছে। এছাড়া সাইনবোর্ড এলাকায় নাশকতা করার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় আরও দু’টি মামলা হয়েছে।

