বিজয় বার্তা২৪ ডটকমঃ
আগামী নির্বাচনে সরকারকে ফাঁকা মাঠে গোল না দিতে দল গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। এরই অংশ হিসেবে পূর্বঘোষিত ‘ভিশন-২০৩০’র রূপরেখা তৈরি করছে দলটি। ক্ষমতায় গেলে ২০৩০ সাল লক্ষ্য ধরে বাংলাদেশের উন্নয়নের জন্য বিএনপির কী করবে তার রূপকল্প ইতোমধ্যে অনুমোদন দিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। ‘ভিশন-২০৩০-এ কী চমক থাকছে তা নিয়ে অনেকের মাঝেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে বিএনপির সিনিয়র নেতারা বলে আসছেন, রাজনীতিতে নতুন ধারা ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি থাকবে ‘ভিশন-২০৩০-এ। তাদের এমন বক্তব্যে অনেকের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন স্বপ্ন ও প্রত্যাশার।রূপরেখায় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা, রাষ্ট্রের এককেন্দ্রিক চরিত্র ঠিক রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার সংস্কার ও সংসদ দ্বিকক্ষবিশিষ্ট করা; ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সুনীতি, সুশাসন ও সুসরকারের সমন্বয় ঘটানো; গণভোট ফিরিয়ে আনা; নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমি শন, মানবাধিকার কমিশনসহ সাংবিধানিক ও আধা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনা; উচ্চ আদালতে বিচারক নিয়োগসংক্রান্ত আইন করা; ২০৩০ সালের মধ্যে দেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করা, মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলার এবং প্রবৃদ্ধি দুই অঙ্কে নেওয়ার জন্য বিএনপির পরিকল্পনায় বিস্তারিত থাকবে।
এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, যোগাযোগ, শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতওয়ারি পরিকল্পনাও থাকবে। দলটির নেতারা বলছেন, জনগণ ও আন্তর্জাতিক বন্ধুদের বার্তা দেওয়ার লক্ষ্যে এই রূপরেখা তৈরি করা হচ্ছে।
