বিজয় বার্তা ২৪ ডট কম
সকল ব্যবসায়ীদের সহযোগীতা এবং তাদের সাথে নিয়ে ঢাকার প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর থেকেও আধুনিক ইউনিভার্সিটি নারায়ণগঞ্জ শহরেই নির্মাণের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
শনিবার ৫ নভেম্বর রাত ৮টায় নারায়ণগঞ্জ ক্লাবের গ্রীণলন গ্রাউন্ডে ক্লাব সদস্য পরিবারের সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এ ঘোষণা দেন। এদিন ক্লাবের সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন এমন ৬৬জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম ওসমান শিক্ষার্থীদের কাছ থেকে তাদের চাহিদার কথা জানতে চেয়ে ইংরেজিতে বক্তব্য দেওয়ার আহবান রাখলে শিক্ষার্থীরা ইংরেজিতে তাদের বক্তব্য উপস্থাপন করেন। এ সময় তারা নারায়ণগঞ্জ শহরে ঢাকার মত উন্নত মানের একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি রাখেন। পাশাপাশি ওই বিশ্ববিদ্যালয়ের তাদের চাহিদা মোতাবেক সকল বিষয়ের উপর পাঠদান সহ শহরের দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ রাখার অনুরোধ করেন। পাশাপাশি তারা নারায়ণগঞ্জ শহরের অসহনীয় যানজট, শীতলক্ষ্যা নদী দূষন ও পড়ালেখার বাইরে খেলাধূলা সহ সাংস্কৃতিক, সামাজিক ও বিনোদন চর্চার সুযোগ করে দেওয়ার দাবী রাখেন।
সেলিম ওসমান তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, যেভাবেই হোক নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সাথে নিয়ে এবং তাদের সহযোগীতায় নারায়ণগঞ্জ শহরে আধুনিক মানের একটি প্রাইভেট ইউনির্ভাসিটি নির্মাণ করবো। আর শহরের যানজটের প্রধান কারণ হচ্ছে অবৈধ রিকশা এবং যত্রতত্র বাসষ্ট্যান্ড গড়ে উঠা। যেটি দেখার প্রধান দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের। আমি এমন একটি এলাকার সংসদ সদস্য যেখানে একটি বিনোদন পার্ক নেই। আমার ভবিষ্যত প্রজন্ম শিক্ষার্থীরা শহরের যানজট নিয়ে শঙ্কিত। তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আমি লজ্জাবোধ করছি। আমি ভবিষ্যত প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছি। যাতে করে তারা ভবিষ্যতে নারায়ণগঞ্জের দায়িত্ব নিতে পারে। আমাদের সকলের উচিত ভবিষ্যত মেধাবী প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দেওয়া তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়া।
সংসদ সদস্য সংবর্ধনা পাওয়া ৬৬ জন শিক্ষার্থীর সাথে শিক্ষা সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। যেখানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়াকেও সঙ্গী করা হবে বলে তিনি জানান।
শিক্ষার্থীদের প্রাইভেট ইউনিভার্সিটি নির্মাণের দাবীর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া হতাশা প্রকাশ করে বলেন, যে ক’দিন যাবত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি যেখানেই যাই সেখানেই দেখছি অর্থায়ন করেছেন সংসদ সদস্য সেলিম ওসমান। কিন্তু এমনটি কেন হবে? পুরো নারায়ণগঞ্জকে আধুনিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব কি উনার একার উপর নাকি? একজনের পক্ষে কোনদিনও নারায়ণগঞ্জকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। নারায়ণগঞ্জ হচ্ছে বাণিজ্যের নগরী। এই শহরে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছে। যারা ইচ্ছা করলেই নারায়ণগঞ্জে একটি প্রাইভেট ইউনিভার্সিটি নির্মাণ করতে পারবেন। সকলে মিলে নারায়ণগঞ্জকে আধুনিক হিসেবে গড়ে তুলতে হবে।
নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ার্ন মাচেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সহ সভাপতি শংকর রায় সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা সহ অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার জান্নাতুল ফেরদৌস।
