বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে উদ্ধার হওয়া মরদেহটি আওয়ামীলীগ নেতা দুরন্ত বিপ্লবের। তাকে হত্যা করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে ধারনা চিকিৎসকের।
পুলিশ ও স্বজনরা জানায়, উদ্ধার হওয়া লাশটি আওয়ামীলীগ নেতা দুরন্ত বিপ্লবের (৫১)। সে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য। বর্তমানে সে একজন কৃষি খামারী।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মফিজউদ্দিন নিপুন জানান, আমরা যে মরদেহটি ময়নাতদন্ত করেছি। তার মাথার পিছনে ও বুকের সামনের অংশে আঘাতের চিহ্ণ ছিল। ময়নাতদন্তে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে এটা হত্যাকান্ড। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
নিহতের ছোট ভাই দূর্জয় বিপ্লব জানান, আমার ভাই দুরন্ত বিপ্লব গত ৭ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ বিষয়ে আমরা দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। তিনি কেরানীগঞ্জের বাসা থেকে আমাদের মুহাম্মদপুরের বাসায় আসার উদ্দেশ্যে বের হয়। তার সাথে বিকেল সাড়ে ৪ টায় শেষ কথা হয়। তারপর থেকে ওনাকে বারবার ফোন দিয়ে মোবাইল বন্ধ পাই। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ সর্বাত্মক চেষ্টা করেছে তাকে উদ্ধার করতে এবং আমরাও নানাভাবে খোঁজ খবর করেছি। যাতে ওনাকে জীবিত ফেরত পাই। কিন্তু গতকাল রাতে আমরা জানতে পরি নারায়ণগঞ্জের পাগলা ঘাটে একটি মরদেহটি পাওয়া গেছে। আমরা তখনই এসে তার পরিচয় শনাক্ত করি।
মরদেহ উদ্ধার করা ফতুল্লার পাগলা নৌ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহজাহান আলী জানান, গতকাল বুড়িগঙ্গা নদী থেকে আমরা একটি মরদেহ উদ্ধার করি। পরে রাতে তার পরিবারের লোকজন এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় অভিযুক্ত কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

