বিজয় বার্তা ২৪ ডট কম
সৌদি বাদশার আমন্ত্রণে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল ৫টায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপি নেত্রীর সফরসঙ্গী থাকছেন তার একান্ত সহকারী আবদুস সাত্তার, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ সহকারী এনামুল হক চৌধুরী এবং তার গৃহকর্মী ফাতেমা বেগম।
শায়রুল কবির জানান, হজ পালনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন।
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও মায়ের সঙ্গে হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। ব্রিটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারেক রহমান সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।
আগামী ২০ সেপ্টেম্বর সৌদি আরব ত্যাগ করার কথা রয়েছে খালেদা জিয়া ও তারেক রহমানের।
এদিকে সৌদি আরবে খালেদা জিয়া ও তারেক রহমানকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন সৌদি আরব বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
