বিজয় বার্তা ২৪ ডট কম
গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি বাসদ এর ঢাকার সচিবালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশী হামলার প্রতিবাদে এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবীতে কালিরবাজার পুরাতন কোর্ট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি শুধু অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তই নয়, এটি ভোট ও ভোটারবিহীন সরকারের লুটপাট-নীতিরই বহিঃপ্রকাশ। তিনি বলেন, সরকার দলীয় শীর্ষ নেতা ও তাঁদের আত্মীয়স্বজনদের লুটপাটের আরও বেশি সুযোগ সৃষ্টি করে দিতেই সমস্ত যুক্তি উপেক্ষা করে সরকার গায়ের জোরে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষনা দিয়েছে। গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি বাসদ এর ঢাকার সচিবালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশী হামলার তীব্র নিন্দা করে কমরেড আবু হাসান টিপু বলেন, এ হামলা সরকারের সীমাহীন দূর্বলতারই বহিঃপ্রকাশ এবং গায়ের জোরে গণতন্ত্র প্রতিষ্ঠার আওয়ামী দৃষ্টান্ত স্থাপন করছে।
আবু হাসান টিপু বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়বে দেশের সীমিত আয়ের সাধারণ মানুষ। ফলে এর সাথে সংগতি রেখে গোটা অর্থনীতিই পড়বে হুমকির মুখে। দেশের শিল্প, কৃষিসহ মানুষের দৈনন্দিন জীবন যাপনেও মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে। শিল্প উৎপাদন ব্যয় বেড়ে গিয়ে অনিবার্য ভাবেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়বে। কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হবে। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে বাড়ী ভাড়া, পানির দামসহ নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম বাড়বে। মুনাফা বাড়বে এক শ্রেণীর লুটেরা ব্যবসায়ীদের, আর এর দায় বহন করতে হবে দেশের গোটা জনগণকে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা আরও বলেন সরকার তাদের নির্বাচনী ওয়াদার চরম বরখেলাপ করে চলছে। চাল পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনগণ যখন দিশেহারা সে সময় তা নিরসন না করে উপরন্ত বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে দেশবাসীর সাথে চরম তামাশায় লিপ্ত হয়েছে। তিনি অবিলম্বে বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার আহ্বান করেন।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেন-এর সভাপতিত্বে কালিরবাজার পুরাতন কোর্ট চত্বরে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতমনেতা নারীনেত্রী রাশিদা বেগম, শ্রমিকনেতা শহীদুল আলম নাননু, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু, শিমুল আক্তার আঞ্জু, আল আমিন প্রমূখ।
